মৌসুমি

মাঠজুড়ে সরিষা ফুল

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৯:১৬

 

শিশির সিক্ত মাঠভরা সরিষা ফুলের গন্ধ বাতাসে ভাসছে। দিগন্তজোড়া হলুদের বিস্তার। গ্রামের চারপাশ ভরে উঠেছে হলুদের ঘ্রাণ আর সৌরভে। গাঢ় হলুদ বর্ণের এ ফুলে মৌমাছিরা গুনগুন করে মধু আহরণ করছে। দূর থেকে সরিষার খেতগুলো দেখে মনে হয়, কে যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে! ভোরের কাঁচাসোনা রোদে ঝলমল করছে ফসলি মাঠ। হলুদ সরিষা ফুলের অবারিত সৌন্দর্য এখন লুটোপুটি খাচ্ছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মাঠে মাঠে। শীতের কুয়াশাকে উপেক্ষা করে চাষিরা সরিষাখেতের যত্ন নিচ্ছেন। মাঠের পর মাঠ সরিষাখেত প্রকৃতিতে অন্য এক মাত্রা এনে দিয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে চোখে পড়ে সোনাঝরা এ ফুলের মনোমুগ্ধকর বাগান। আঁকাবাঁকা মেঠোপথ, দুপাশে দিগন্ত হারানো হলুদের সমারোহ।

ফসলের মাঠের সর্বত্রই এখন হলুদ রঙের গালিচা বিছিয়েছে প্রকৃতি। কয়েক দিন পরই সরিষা উঠবে কৃষকের ঘরে। পাঙ্গাসী ইউনিয়নের এরান্দহ গ্রামের কৃষক রুবেল সরকার বলেন, ‘দুই বিঘা জমিতে তিন ধরনের সরিষার আবাদ করেছি। মাঠে বেশ ফুল ফুটেছে। আশা করছি ফলন ভালো হবে।’

মাঠের পর মাঠ সরিষার ফুল আকৃষ্ট করছে মৌমাছিসহ প্রকৃতিপ্রেমীদের। মৌমাছির গুঞ্জনে মুখর সরিষার খেত। অনেক খেতে মৌচাষিরা মৌচাক বসিয়েছেন।

মো. মোকাদ্দেস হোসাইন সোহান