বিনোদন রিপোর্ট
প্রতিষ্ঠার ৭ বছর পেরিয়ে ৮ম বর্ষে পা ফেলতে যাচ্ছে দেশের একমাত্র মিউজিক চ্যানেল গানবাংলা। ২০১৩ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু করে চ্যানেলটি। প্রতিবছরই ১৬ ডিসেম্বর গানবাংলার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীতে তারকামেলা হয়। তবে এবার মহামারির কারণে ভার্চুয়ালি আয়োজন করা হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী। এদিকে চিকিত্সার জন্য গানবাংলার দুই কর্মকর্তা কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দু’জনই রয়েছেন যুক্তরাষ্ট্রে।
আন্তর্জাতিক গানের মঞ্চ হিসেবে গানবাংলার জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘উইন্ড অব চেঞ্জ’ দেশে-বিদেশে দারুণ প্রশংসিত হয়েছে। বিশ্বের ৩০ দেশের শতাধিক খ্যাতনামা মিউজিশিয়ানের অংশগ্রহণে ‘উইন্ড অব চেঞ্জ’-এ দেশীয় বিভিন্ন ধারার জনপ্রিয় গানগুলো পেয়েছে নতুনমাত্রা। যুদ্ধ-বিগ্রহের বর্তমান পৃথিবীতে ‘উইন্ড অব চেঞ্জ’-এর মাধ্যমে বিশ্বময় শান্তির বার্তা ছড়িয়ে দিতে দেশি-বিদেশি খ্যাতনামা শিল্পীরা কণ্ঠে শ্লোগান তুলে নিয়েছেন ‘মিউজিক ফর পিস’। সংগীতে এমন অবদান রাখায় গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নী ও প্রধান নির্বাহী কৌশিক হোসেনের হাত ধরে গানবাংলার প্রাপ্তির খাতায় যোগ হয়েছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডসহ মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। গানবাংলা প্রতিষ্ঠার সপ্তম বর্ষ পেরিয়ে অষ্টম বর্ষে পদার্পণের এমন ক্ষণে প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস বলেন, ‘মহান বিজয়ের এই দিনে গানবাংলা বছর ঘুরে নতুন শপথে নতুন যাত্রার দিকে এগিয়ে যায়। দেশের সংগীতশিল্পের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে সংকল্পবদ্ধ গানবাংলা এরইমধ্যে হয়ে উঠেছে বাংলা গানের মুখপত্র। আমাদের সফলতার পেছনে আছে দেশের সংগীতাঙ্গনের প্রতিটি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন ও ভালোবাসা। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতনামা শিল্পীদের আস্থা ও পূর্ণ সমর্থন গানবাংলায় আশীর্বাদ হয়ে আছে সবসময়। গানবাংলার দর্শকরাই গানবাংলার প্রাণ। সকলকে আমাদের আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।’ প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন ফারজানা মুন্নী বলেন, ‘আমরা বিশ্বাস করি মহামারি পরবর্তী পৃথিবীতে অন্ধকার দূর করতে সংগীত হবে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। মানুষের মাঝে একতা ও শান্তি ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে সুর।’
