‘যুগে যুগে মুক্তিযুদ্ধ ও এর মূল্যবোধ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২১:৪৬

‘যুগে যুগে মুক্তিযুদ্ধ ও এর মূল্যবোধ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে ইয়ুথ অপরচুনিটিস এর যৌথ উদ্যোগে এ আলোচনা অনুষ্ঠিত হয়। 

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এর পরিচালনায় আলোচনায় অংশ নেন সুশীল সমাজের বিশিষ্ট প্রতিনিধি শ্রীমতী অ্যারোমা দত্ত এমপি, অধ্যাপক মুনতাসির মামুন, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু এবং জুলিয়ান ফ্রান্সিস ওবিই।

অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতেই ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে। 

তিনি বলেন, ভারত মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী এবং ভারত-বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তির যৌথ উদযাপনের অপেক্ষায় রয়েছে। 

উল্লেখ্য, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর যুদ্ধ চলাকালে ভারত বাংলাদেশকে একটি সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

ইয়ুথ অপরচুনিটিস এর সদস্যদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের অনেক বাংলাদেশি তরুণ এতে অংশ নেয়। যাদের মধ্যে রয়েছে ইলাস্ট্রেটর, বেতারকর্মী, উদ্যোক্তা ইত্যাদি।  

এছাড়াও ভারতীয় হাই কমিশন ও ইয়ুথ অপরচুনিটিস এর যৌথ উদ্যোগে ‘আমার কাছে স্বাধীনতা মানে কী?’ শীর্ষক একটি রচনা প্রতিযোগিতাও শুরু হয়, এতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী বাংলাদেশি তরুণরা বাংলা এবং ইংরেজি ভাষায় রচনা জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। 

এ বিষয়ে আরও বিস্তারিত শিগগিরই ভারতের হাই কমিশনের ওয়েবসাইট hcidhaka.gov.in এবং সোশ্যাল মিডিয়া পেজগুলিতে পাওয়া যাবে।

ইত্তেফাক/এএএম