রাজধানীসহ সারা দেশে শব্দদূষণ একটি মারাত্মক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই দূষণের ফলে সবচেয়ে বেশি হুমকিতে রয়েছে আগামী প্রজন্ম। দিন দিন শ্রবণক্ষমতার অবনতিসহ নানাবিধ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে তারা। নাগরিক জীবনের উচ্চ বোধ যেসব দেশে তৈরি হয়েছে, সেখানে শব্দদূষণ নিয়ে আইন-কানুন রয়েছে। নির্ধারিত মাত্রার বেশি শব্দ করলে সেটা আইন ভঙ্গের শামিল হয়। আমাদের দেশে শব্দদূষণ রোধে আইন থাকলেও যথাযথভাবে প্রয়োগের অভাবে দিন দিন এর মাত্রা বেড়েই চলেছে। নগরজীবনে নানা ভোগান্তির সঙ্গে উচ্চস্বরে মাইকের ব্যবহার রীতিমতো আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিয়েশাদিসহ সামাজিক অনুষ্ঠানে রাতভর মাইকে উচ্চশব্দে গান বাজনার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এ নিয়ে প্রতিবাদ করলেই ঘটছে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা। অতিমাত্রায় শব্দদূষণ রাজধানীর জীবনযাত্রাকে যেমন বিঘ্ন সৃষ্টি করছে, তেমনি অসুস্থ করে তুলছে সাধারণ মানুষকে। তাই শুধু আইন কিংবা নীতিমালা প্রণয়ন নয়, শব্দদূষণ রোধে প্রয়োজনীয় জনসচেতনতা বৃদ্ধি ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
মো. মেহেদী হাসান অর্ণব
শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা
