কুমিল্লা প্রতিনিধি
গত সোমবার রাতে কুমিল্লা সদর উপজেলার আড়াইওড়া এলাকায় জহিরুল ইসলাম নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। জহিরুল সাতরা চম্পকনগর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তিনি কুমিল্লা কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরি করতেন।
জহিরুল ইসলামের বন্ধু এরশাদ মিয়া জানান, সোমবার রাত আনুমানিক আটটার দিকে তাকে সঙ্গে নিয়ে জহির মোটরসাইকেল সার্ভিসিং করানোর জন্য আড়াইওড়া এলাকায় যান। সেখানে মোটরসাইকেল রাখার পর স্থানীয় সাইফুদ্দিন ও আজহারুল নামে দুই ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায়। আমি সেখানে দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ পর জহিরের চিত্কার শুনে এগিয়ে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় সে মাটিতে পড়ে আছে। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক জহিরুলকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, তার পুরো শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। হত্যার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
