ইত্তেফাক ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
বরিশাল :পৃথক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে দুটি সংগঠন। সকাল সাড়ে ১০টায় অশ্বিনী কুমার হল চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ মানববন্ধন করে। এরপর একই স্থানে কর্মসূচি পালন করে বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ড আয়োজিত মানববন্ধন ও সমাবেশে অংশ নেয় সেক্টরস কমান্ডার ফোরাম ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। অন্যদিকে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি মানববন্ধন ও সমাবেশ করে। এছাড়াও বরিশাল আদালতের সামনে আওয়ামী আইনজীবী পরিষদ মানববন্ধন করে।
নেত্রকোনা : জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভা ও জেলা পরিষদ মার্কেটের সামনের সড়কে সকালে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, নেত্রকোনা জেলা শাখার আয়োজনে মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আবু হাসনাত মো. আনিসুর রহমান, হাসিম উদ্দিন প্রমুখ।
আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধাদের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশে অংশ নেন। পরে মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভুয়া মুক্তিযোদ্ধা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
কাউখালী (পিরোজপুর) : কাউখালী মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আ. জিয়াদ, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন তালুকদার প্রমুখ।
মুলাদী (বরিশাল) : মুলাদী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিসের সামনে মানববন্ধন পালন করেন। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন প্যাদা, সহকারী শিক্ষক এস এম কামাল পাশাসহ উপজেলা প্রাথমিক শিক্ষকরা।
