ফসলের মাঠ জুড়ে বঙ্গবন্ধু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২১:৫৫

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

ঈশ্বরগঞ্জ উপজেলায় আব্দুল কাদির নামের এক কৃষক বঙ্গবন্ধু, স্মৃতিসৌধ, জাতীয় ফুল শাপলা, নৌকা ও মুজিব শতবর্ষের ছবি শৈল্পিক ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন তার ফসলের মাঠে। মুজিববর্ষ ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষ্যে ফসলের মাঠে কৃষকের এ শিল্পকর্ম ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ প্রতিকৃতিগুলো এঁকেছেন সরিষা ও লালশাক দিয়ে। সরিষা ফুলের হলুদ রং আর লাল শাকের মিশ্রণে জাতির পিতার অবয়ব যেন জীবন্ত এক শেখ মুজিব। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী ইউনিয়নের পাড়া খালবলা গ্রামের হাজি তারা মিয়ার ছেলে কৃষক আব্দুল কাদির। নিজের চাষ করা ফসলের মাঠে এসব প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন তিনি। অন্যরকম সৌন্দর্যময় এই ফসলের মাঠ দেখতে প্রতিদিন ভিড় করছে হাজারো মানুষ। মানুষের মুখে মুখে আব্দুল কাদিরের এ কার্যক্রম প্রশংসিত হচ্ছে।

আব্দুল কাদির বলেন, ‘আমি ৩৩ শতাংশ জমিতে এই শৈল্পিক চাষ করেছি। কোনো কিছু পাওয়ার আশায় করিনি। কেবল বঙ্গবন্ধুকে ভালোবাসি বলে এবং বিজয়ের মাসে শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে আমার এ ছবি আঁকা। মানুষের ভালোবাসায় আমি তৃপ্তি পাই।’

উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, কৃষক আব্দুল কাদির বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ফসলের মাঠে। তিনি আর্থিকভাবে লাভবান না হলেও হাজারো মানুষের প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, এটি একটি সৃজনশীল কার্যক্রম। বঙ্গবন্ধুকে ভালোবেসে তিনি এ কাজটি করেছেন। তিনি সরকারি প্রণোদনার আওতায় থাকা একজন কৃষক। উপজেলা প্রশাসন তার এসব কাজে সব সময় পাশে থাকবে।