লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
লোহাগড়ার মাকড়াইল গ্রামের এক ব্যক্তি ২ বছরের দণ্ড এড়াতে ২৬ বছর পালিয়ে ছিলেন। দণ্ডাদেশপ্রাপ্ত নুরুল ইসলামকে (৫৮) সোমবার লোহাগড়া থানা পুলিশ মাগুরা থেকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে নুরুল ইসলাম ঢাকার টঙ্গীতে ‘ঢাকা সিরামিক’ নামক একটি কোম্পানিতে পিওন পদে চাকরি করতেন। ঐ সময় তিনি কোম্পানির ১০ হাজার টাকা ও একটি বাইসাইকেল চুরি করে পালিয়ে আসেন। এ ঘটনায় কোম্পানি তার নামে টঙ্গী থানায় ঐ বছরের জুন মাসে একটি চুরি মামলা করে। তবে মামলা দায়েরের পর থেকে নুরুল ইসলাম কখনো আদালতে হাজিরা দেননি। তার অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম চলতে থাকে। এ অবস্থায় গত ১৯৯৪ সালে গাজীপুরের ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট শশী কুমার সিংহ দণ্ডবিধির ৪০৮ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ২ বছরের কারাদণ্ড দেন। পরে তাকে পুলিশ খুঁজে পায়নি। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান নুরুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
