১১ চিকিত্সক ও আট সেবিকার পদ শূন্য

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২২:০০

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

এম আর সুমন, রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

চিকিত্সক ও সেবিকা সংকটে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিত্সাসেবা। হাসপাতালে ২৩ জন চিকিত্সকের পদ থাকলেও কর্মরত আছেন ১২ জন। তাদের মধ্যে গাইনিসহ আট জন বিশেষজ্ঞ চিকিত্সকের পদ শূন্য। এছাড়া ১৫ জন সেবিকার বিপরীতে আছেন সাত জন।

স্বাস্থ্য কমপ্লেক্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, এখানে গাইনি, সার্জারি, অর্থোপ্যাডিক সার্জারি, অ্যানেসথেসিয়া, চক্ষু ও নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞের পদ শূন্য। এছাড়া কার্ডিওলজি, চর্ম ও যৌন বিশেষজ্ঞ প্রেষণে লক্ষ্মীপুর সদর হাসপাতালে থাকায় পদ দুটিতে চিকিত্সক নেই।

সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৯টার দিকে কান ও গলার সমস্যার কারণে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাসেবা নিতে আসেন মান্নান মিয়া (৫০) ও আমেনা বেগম (৪০)। সাড়ে ৯টার দিকে টিকিট কাউন্টারে গিয়ে জানতে পারেন নাক-কান-গলার কোনো বিশেষজ্ঞ চিকিত্সক নেই। অন্য কোনো চিকিত্সক দেখানোর পরামর্শ দেন টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা অফিস সহায়ক। সিদ্ধান্তহীনতায় বৃদ্ধ মান্নান ও আমেনা হাসপাতালের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে, আবার সেখান থেকে বহির্বিভাগে ছুটছিলেন। শুধু মান্নান আর আমেনা নন, রায়পুর সরকারি হাসপাতালে চিকিত্সকের সংকটের কারণে নানা বিড়ম্বনায় পড়তে হয় বহির্বিভাগে আসা রোগীদের। সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থানকালে এ তথ্য জানা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে গড়ে ৪০০ থেকে ৪৫০ জন রোগীকে চিকিত্সাসেবা দেওয়া হয়। জনবলের সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় সেবা দিতে অসুবিধা হয়। চিকিত্সক ও সেবিকার শূন্য পদগুলো পূরণের বিষয়ে প্রতি মাসে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিভিল সার্জনের কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়।