সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সখীপুরে নিখোঁজের ছয় ঘণ্টা পর দুই বছরের এক কন্যাশিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১১টার দিকে হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া কেরানিপাড়া গ্রামের রান্নাঘর থেকে ঐ শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত কন্যাশিশুর নাম রাইসা ওরফে বুশরা। মঙ্গলবার বিকালে ঐ শিশুর চাচাতো দাদা মোনায়েম খান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সখীপুর থানার ওসি এ কে সাইদুল হক ভুঁইয়া বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জনকে থানায় আনা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
