মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
মোংলায় হরিণের মাংসসহ চার জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোংলার হলদিবুনিয়ার বাইল্লার মোড় এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস পাচারকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো জপতোষ মণ্ডল, টিটু মণ্ডল, নাজমুল মল্লিক ও অনিমেষ মণ্ডল। এ সময় তাদের কাছ থেকে ২৫ কেজি হরিণের মাংসসহ দুইটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। আটককৃতদের বাড়ি মোংলা, খুলনা ও গোপালগঞ্জে। মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, সুন্দরবন থেকে হরিণের মাংস নিয়ে বৌদ্ধমারী বাজার হয়ে মোটরসাইকেলযোগে চাঁদপাই ইউনিয়নের হলদিবুনিয়ার বাইল্লার মোড় এলাকায় পৌঁছালে তাদের আটক করা হয়। এ ঘটনায় সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা করেছেন। আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
