প্রতীক বরাদ্দ শেষে জোর প্রচারণা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২২:০১

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে সাত জন মেয়র, ১৩ জন সংরক্ষিত ও ৬৪ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্নের পর এখন জমে উঠেছে নির্বাচনি প্রচার-প্রচারণা কার্যক্রম।

চুয়াডাঙ্গা পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জাহাঙ্গীর আলম মালিক খোকন (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সিরাজুল ইসলাম মনি (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (চুয়াডাঙ্গা পৌর আমির) তুষার ইমরান (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ মাসরিকী (কম্পিউটার), মজিবুল হক মালিক মজু (মোবাইল ফোন), অ্যাডভোকেট মনিবুল হাসান পলাশ (নারিকেল গাছ) ও সৈয়দ ফারুক উদ্দিন (জগ) প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। এছাড়া, সংরক্ষিত তিনটি ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট ১৩ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে মোট ৭১ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।  সরেজমিনে দেখা গেছে, নির্বাচনি মাঠে মাইক নিয়ে প্রচার-প্রচারণা ও পোস্টারিং ছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোর থেকে গভীর রাত অবধি বাড়ি বাড়ি এবং ব্যবসা ও কর্মক্ষেত্রে উপস্থিত হচ্ছেন। নিজেদের জন্য দোআ ও ভোট প্রার্থনা করছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভা এলাকায় এবারের নির্বাচনে নারী-পুরুষ মিলিয়ে সর্বমোট ভোটার ৬৭ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ হাজার ৮০৪ জন এবং নারী ভোটার ৩৪ হাজার ৯৭০ জন। ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।