ইত্তেফাক রিপোর্ট
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘বিএনপির উচিত পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো।’ গতকাল সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মারিন শুহর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্যসচিব খাজা মিয়া, ফরাসি দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর পিয়েরে-হেনরি লেফোঁ বৈঠকে উপস্থিত ছিলেন।
‘মনে হয় পদ্মা সেতু তাদের পৈত্রিক সম্পত্তি’ মর্মে সম্প্রতি বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু অবশ্যই একটি রাষ্ট্রীয় সম্পত্তি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্ব ও সময়োচিত পদক্ষেপ গ্রহণ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়ে এই সম্পত্তি রাষ্ট্রের সঙ্গে যুক্ত করেছেন। ‘কিন্তু এই পদ্মা সেতু যাতে না হয়, সেজন্য বহু ষড়যন্ত্র হয়েছে এবং সেই ষড়যন্ত্রের সঙ্গে বিএনপিও যুক্ত ছিল’। ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা দু দেশের ঐতিহাসিক সম্পর্ক, একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে এবং বাংলাদেশে ফরাসি বিনিয়োগ নিয়ে আলোচনা করেছি।’
