এলাকাবাসীর ক্ষোভ
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
ঢাকার তেজগাঁও থানার দারোগা পরিচয়ে পিস্তলসহ সাদা পোশাকে সিংগাইরে এসে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকের জমি দখল করার পাঁয়তারার অভিযোগ উঠেছে রুকুনুজ্জামান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত রবিবার বিকালে উপজেলার ধল্লা ফোর্ডনগরে এমনটি ঘটে। গ্রামবাসী এগিয়ে আসার পর ঐ কথিত দারোগা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তবে পরিণতি ভালো হবে না বলে হুমকি দিয়ে চলে যান তিনি।
প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা ওহাব খান ও মজিদ মোল্লা জানান, পিস্তলসহ ঐ ব্যক্তি নিজেকে তেজগাঁ থানার দারোগা বলে পরিচয় দিয়ে লোকজন নিয়ে তাদের জমিতে প্রবেশ করে জোর করে সাইনবোর্ড ফেলে দিয়ে তার সাইনবোর্ড পুঁতে দেয়।
মানিকগঞ্জ ডিবি পুলিশের এসআই আসাদও সঙ্গে ছিলেন। তবে আসাদের দাবি, এ কাজে নয়, তিনি এসেছিলেন মূলত মাদক মামলার আসামি ধরতে। এসে রুকুনুজ্জামানের সঙ্গে দেখা হয়ে যায়। আসাদ আরো বলেন, রুকুনুজ্জামান দারোগা নয়, সার্জেন্ট।
রুকুনুজ্জামান জানান, তিনি শ্বশুরের জমি উদ্ধার করতে এসেছিলেন। মানিকঞ্জের পুলিশ সুপারও বিষয়টি জানেন বলে দাবি করেন।
পুলিশ সুপার রিফাত রহমান শামিম অবশ্য বিষয়টি অস্বীকার করেন। সিংগাইর থানার ওসি মো.রকিবুজ্জামান বলেন,‘অন্য থানার দারোগা হয়ে এখানে এসে এসব কাজ করতে পারেন না। প্রয়োজন হলে আমাকে কিংবা ডিউটি অফিসারকে তার জানানো উচিত ছিল।’
এদিকে বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ সুপার রিফাত রহমান শামিমের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা সোমবার থানায় এসে বিষয়টি জানার পর বলেন, যেহেতু ঐ দারোগা আমাদের না, তাই আপনারা মানিকগঞ্জ পুলিশ সুপারের কাছে অভিযোগ দিলে তিনি তাকে কাগজপত্রসহ এখানে ডাকতে পারবেন।
