পিডিপির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২২:০৫

ইত্তেফাক রিপোর্ট

প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত সোমবার দলটির নিবন্ধন বাতিল করে ইসি। একই সঙ্গে ইসির ওয়েবসাইট থেকেও দলটির নাম, প্রতীকসহ সব ধরনের তথ্য মুছে ফেলা হয়েছে। এর আগে ২৯ নভেম্বর ৭৩তম কমিশন সভায় পিডিপির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করে ইসি।

দলটির নিবন্ধন বাতিলের কারণ হিসেবে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর জানান, ইসি তদন্ত করে দেখেছে পিডিপি নিবন্ধনের শর্ত পূরণ করছে না। পরে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এ নিয়ে শুনানিও হয়। দলটি কিছু কাগজপত্র দিয়েছিল। কিন্তু ইসি পর্যালোচনা করে দেখেছে, তারা নিবন্ধিত থাকার বেশির ভাগ শর্ত পূরণ করছে না। তারই পরিপ্রেক্ষিতে দলটির নিবন্ধন বাতিল করা হয়েছে।

২০০৮ সালের ১৩ নভেম্বর দলটিকে নিবন্ধন দিয়েছিল সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তাদের দলের প্রতীক ছিল ‘বাঘ’। রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোডে দলটির কেন্দ্রীয় কার্যালয়। উল্লেখ্য, বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো ৪০-এ।