ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের তৃতীয় কর্মদিবস গতকাল মঙ্গলবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। চার কার্যদিবস উত্থানের পর গতকাল শেয়ারবাজারে পতন হলো। গতকাল শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে টাকার পরিমাণে লেনদেন এবং বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৯৫ পয়েন্ট কমে ৫ হাজার ১২৩ দশমিক শূন্য ৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ দশমিক ৯৭ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ১৬ পয়েন্ট এবং সিডিএসইসি ৫ দশমিক শন্য ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৮৫ দশমিক ৫২ পয়েন্ট, ১৮০৬ দশমিক শূন্য ৩ এবং ১০৫১ দশমিক ৩৪ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ৯৭২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ৭ কোটি ১৯ লাখ টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৭৯ কোটি ৩৩ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৫টির বা ৩৫ দশমিক ১১ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৫৯টির বা ৪৪ দশমিক ৬৬ শতাংশের এবং ৭২টি বা ২০ দশমিক ২২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬২ দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২৩ দশমিক ৮৮ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ৯৮টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর। গতকাল সিএসইতে ৪৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
