খান’স কিচেনের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

ভ্যাট ফাঁকির অভিযোগে ভ্যাট গোয়েন্দাদের একটি দল রাজধানীর খ্যাতনামা খাবার সরবরাহকারী (ক্যাটারিং সার্ভিস) খান’স কিচেনে অভিযান চালিয়েছে। এতে বিপুল ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই মাসে প্রতিষ্ঠানটি ১ কোটি ৪২ লাখ টাকার বিক্রয়ের তথ্য গোপন করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। গত ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে নথিপত্র জব্দ করা হয়। যাচাইয়ে দেখা যায়, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভ্যাট চালানের পরিবর্তে অবৈধ ও ডুপ্লিকেট চালান ব্যবহার করেছে। এছাড়া, গত বছরের জুলাইয়ে ৭৩ লাখ ও ডিসেম্বরে ৬৯ লাখ টাকার বিক্রয়ের তথ্য গোপন করেছে। আলোচ্য দুই মাসের জন্য প্রতিষ্ঠানটির ওপর সুদসহ ২৩ লাখ টাকার ভ্যাট দাবি করেছে গোয়েন্দা বিভাগ। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।