সাহসী ফুটবল উপহার দিতে চায় মোহামেডান

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২২:০৯

স্পোর্টস রিপোর্টার

ফুটবল খেলোয়াড় রেজিস্ট্রেশনের শেষ দিনে মোহামেডান একটু ব্যতিক্রম ছিল। তারা ক্লাব ভবন থেকে সব খেলোয়াড় ও কোচ-কর্মকর্তাদের নিয়ে বাফুফে ভবনে গিয়ে খেলোয়াড়দের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন করান। অন্য দুই-একটা ক্লাব দুই-একজন খেলোয়াড় নিয়ে বাফুফে ভবনে গিয়েছিল। তবে মোহামেডানের যাওয়াটা ছিল অন্যরকম এক ছবি। খেলোয়াড়দের পরনে কালো রঙয়ের ট্রেকসুট। কোচ শেনলেন ছিলেন সবার আগে। কোচকে অনুসরণ করে ভবনে ঢোকেন খেলোয়াড়রা।

ক্লাব থেকে বের হওয়ার আগে ক্লাব আঙ্গিনায় সাবেক ফুটবলারদের আমন্ত্রণ জানানো হয়েছিল তরুণদের উত্সাহ দিতে। সেখানে ছিলেন জাকারিয়া পিন্টু, প্রতাপ শংকর হাজরা, হাসানুজ্জামান খান বাবলু, ইমতিয়াজ সুলতান জনি, সাব্বির, ম্যানেজার নকিব, কায়সার হামিদ, ছাইদ হাসান কানন, নিজাম মজুমদার, আতা, আহমেদ, রিয়াজ, কর্মকর্তা আবু হাসান চৌধুরী প্রিন্স, ফজলুর রহমান বাবুল, হকির কর্তা সাজেদ আদেল, প্রয়াত বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় এবং তার কন্যা ও পুত্র। এদের সবাইকে মোহামেডানের নতুন জার্সি তুলে দেওয়া হয়। নতুন ব্যাগ তৈরি করেছে মোহামেডান, সেটিও দেওয়া হয়েছে। ফুটবল দলের প্রতি সহযোগিতার কথা উল্লেখ করতে গিয়ে ক্লাবের সভাপতি ওবায়দুল করিম, সাংবাদিক মোজাম্মেল বাবু, রেজাউর রহমান সোহাগ, প্রয়াত বাদল রায়েদের নামগুলো উচ্চারণ করেন।

মোহামেডানে গত মৌসুমেও ইংলিশ কোচ শেনলেন ছিলেন। তিনি তরুণ ফুটবলারদের গড়ে তোলার কাজটা ভালো পারেন। এবারও সেই কোচকে আনা হয়েছে। শেনলেন জানালেন, তিনি তরুণ ফুটবলারদের নিয়ে কাজ করছেন। একটা ব্যালান্সড দল মাঠে নামার চেষ্টা করছেন। যারা দলে জায়গা পেয়েছেন দেশি এবং বিদেশিদের নিয়ে সাহসী ফুটবল উপহার দিতে চান মোহামেডান কোচ। এই কোচ মোহমেডানের ভেতরের খবর জানেন। এখন কীভাবে অর্থ সংগ্রহ হয়, কীভাবে ক্লাবটি পরিচালিত হয়, অন্যান্য ক্লাগুলোতে জৌলুস আছে ভরপুর। এদের বিপক্ষে মোহামেডান খেলবে উপভোগ্য ফুটবল। গত মৌসুমে এই মোহামেডান বড় ব্যবধানে আবাহনীকে হারিয়েছিল। কুমিল্লায় নিজ ভেন্যুতে শক্তিশালী বসুন্ধরা কিংসকে হারিয়েছিল। অতএব মোহামেডানকে কেউ খড়কুটোর বাতাসে উড়িয়ে দিতে পারবে না। এমনটাই মনে করছেন এই ইংলিশ কোচ।