অলিম্পিক আয়োজনের বিপক্ষে বেশির ভাগ জাপানিজ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২২:১১

স্পোর্টস ডেস্ক

সম্প্রতি এক জরিপে টোকিও অলিম্পিকস-২০২০ আয়োজনের ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন জাপানের বেশির ভাগ মানুষ। অনেকে আবার মত দিয়েছেন গেমসটি বাতিলের পক্ষেও। জাপানের জাতীয় সম্প্র্রচার এনএচকের জরিপে ২৭ শতাংশ মানুষ গেমস আয়োজনের পক্ষে রায় দিয়েছেন। তবে ৩২ শতাংশ মানুষ বাতিল ও ৩১ শতাংশ মানুষ চান গেমসটি আরো এক বছর পিছিয়ে যাক। বাকিরা এই বিষয়ে কোনো মতামত দেননি।

যদিও অলিম্পিকস গেমস বাতিলের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি আয়োজক কর্তৃপক্ষ। তার সম্ভাবনা নেই বললেই চলে।

নানা জল্পনাকল্পনার পর গত মার্চে টোকিও অলিম্পিক এক বছর পেছানোর ঘোষণা দেয় আইওসি (আন্তর্জাতিক অলিম্পিকস কমিটি)। যে কারণে প্রায় ২৫০ কোটি ডলার ব্যয় বেড়েছে আয়োজকদের। নতুন সূচি অনুযায়ী আগামী ২৩ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট পর্দা নামবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত গেমসটি।