রাজশাহীর মাজারদিয়া গ্রামের মঞ্জুর হোসেন পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। নিজের নৌকা নেই, তাই ভাড়া নৌকায় মাছ ধরতে হয়। নিজের নৌকায় মাছ ধরার ইচ্ছা তার বহু দিনের। তার সেই ইচ্ছা পূরণ হলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১০০ মাঝির প্রত্যেককে একটি করে নৌকা দেওয়ার মধ্য দিয়ে। গতকাল মঙ্গলবার রাজশাহীর পদ্মা নদীর টি-বাঁধে এক আড়ম্বর অনুষ্ঠানে মঞ্জুর হোসেনের হাতে নৌকার বৈঠা তুলে দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম। শত নৌকায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক ২৫ মাঝির হাতে নৌকার বৈঠা তুলে দেন। এ সময় প্রত্যেক মাঝিকে লুঙ্গি, গামছা ও গেঞ্জি উপহার দেয় বিজিবি। নৌকা পেয়ে বেজায় খুশি পদ্মা নদীর এসব মাঝি। এর আগে গত ৭ ডিসেম্বর থেকে বিভিন্ন সময়ে সাতক্ষীরার নীলডুমুর, ভোলার চরপাতা, মাওয়া ও মেঘনা ঘাটে ৭৫টি নৌকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মো. মাসুদ, রাজশাহী ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদসহ রাজশাহী জেলা প্রশাসক, পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিবি মহাপরিচালক সাফিনুল ইসলাম এ সময় বলেন, অভ্যন্তরে ভারতের ৪০০ মিটার জলসীমা থাকায় রাজশাহীর চরখানপুরবাসীকে ১৩ কিলোমিটার ঘুরে রাজশাহীতে যেতে হয়। তাই এই জলসীমাকে আমরা করিডোর হিসেবে পেতে চাই। আগামী ২২ থেকে ২৬ ডিসেম্বর আসামে অনুষ্ঠিতব্য দুই দেশের ডিজি পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।
