আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি রাজনীতিকে জনগণের দ্বারপ্রান্ত থেকে বিদেশি দূতাবাসের দরজায় নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আয়োজনে এই স্মরণসভায় ওবায়দুল কাদের তার ঢাকার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন গণতন্ত্র প্রতিষ্ঠার নামে অগণতান্ত্রিক পন্থা খুঁজছে। নির্বাচন প্রক্রিয়ায় না গিয়ে, জনমানুষের কাছে না গিয়ে আন্তর্জাতিক মহলের দ্বারে দ্বারে ঘুরছে। এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, একজন রাজনীতিবিদের জীবনে সবচেয়ে বড় অর্জন ও সাফল্য হচ্ছে জনগণের ভালোবাসা। তিনি তার সমগ্র রাজনৈতিক জীবনে জনমানুষের অকৃত্রিম ভালোবাসা অর্জন করেছিলেন। তিনি ছিলেন একজন সফল রাজনীতিবিদ। চট্টগ্রাম প্রান্তে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন প্রমুখ।
চট্টগ্রাম অফিস জানায়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, চট্টগ্রামকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া কর্ণফুলী টানেলের কাজ সম্পন্ন হলে কক্সবাজার-চট্টগ্রামের সংযোগ সহজ হবে। এতে চট্টগ্রামের চিত্র আমূল পালটে যাবে।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিউদ্দিন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃৃন্দের স্বপ্ন বাস্তবায়নের জন্য চট্টগ্রামকে সাজিয়ে তুলছেন। সাংহাই নগরীর মতো চট্টগ্রাম হবে ওয়ান সিটি টু টাউন।
