নরসিংদীতে এনজিও কর্মীর কবজি বিচ্ছিন্ন করল ছিনতাইকারীরা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২২:১৩

নরসিংদী শহরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে শান্তা আক্তার (৩১) নামে এক এনজিও কর্মীর বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন করেছে ছিনতাইকারীরা। এ সময় মোবাইল ফোন, ট্যাব ও নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। গতকাল মঙ্গলবার দুপুরে নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়ায় সরকারি মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহত শান্তা এনজিও আশার নরসিংদী শহরের বাজির মোড় শাখার (সদর ২ ব্রাঞ্চ) লোন অফিসার ও শহরতলির ঘোড়াদিয়া এলাকার বাবু নাজিরের স্ত্রী।         পুলিশ ও স্থানীয়রা জানান, এনজিও আশার লোন অফিসার শান্তা দুপুরে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকা থেকে ঋণের কিস্তির টাকা আদায় করে শহরের বাজির মোড়ের অফিসে ফিরছিলেন। এ সময় দুই ছিনতাইকারী তার পথ রোধ করে তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে কুপিয়ে শান্তার বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন করে সঙ্গে থাকা মোবাইল ফোন, ট্যাব ও নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজে দুই ছিনতাইকারীকে ব্যাগ নিয়ে দৌড়ে পালাতে দেখা গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।