কক্সবাজারের টেকনাফ ও চট্টগ্রামের সাতকানিয়ায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। খবর সংশ্লিষ্ট সংবাদদাতাদের।
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এদিন টেকনাফে অভিযান চালিয়ে ৬৫ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে। অধিদপ্তরের অস্থায়ী জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুলের নেতৃত্বে ডিএনসির একটি দল ঐ দিন রাতে পাইলট স্কুল-সংলগ্ন মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করে। এ সময় ৫ হাজার পিস ইয়াবাসহ সদর ইউনিয়ন নাজিরপাড়ার মৃত আবু বক্করের পুত্র মো. মোস্তাককে (২৫) গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হাবিরপাড়ার চিহ্নিত এখলাছ মিয়ার পুত্র হারুন রশিদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আরো ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক হারুন রশিদ ও তার স্ত্রী কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
এদিকে সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি ডাম্পার ট্রাকের হাইড্রলিক বক্সে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেফতার ও ট্রাকটি আটক করা হয়। ইয়াবাগুলোর বাজারমূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা হবে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো :গাজীপুর জেলার শ্রীপুর থানার বরমি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বরকল মরলপাড়ার মৃত রমজান আলীর ছেলে চালক মো. রুবেল (২৬) এবং একই এলাকার আবদুল মান্নানের ছেলে হেলপার আফতাব উদ্দীন (৩৪)।
