আদালত অবমাননা

ক্ষমা চেয়ে আবেদন বিইআরসি চেয়ারম্যানের

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২৩:৩৬

নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আদালত অবমাননার মামলা থেকে অব্যাহতি চেয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ডিভিশন বেঞ্চে গতকাল মঙ্গলবার আবেদনটি নথিভুক্ত করা হয়। একই সঙ্গে ১১ জানুয়ারি শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। বিইআরসি চেয়ারম্যান মো. আব্দুল জলিলের পক্ষে শুনানি করেন আব্দুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও ভোক্তা অধিকার সংস্থা-ক্যাবের পক্ষে ছিলেন জ্যোতির্ময় বড়ুয়া।

বেঁধে দেওয়া সময়ের মধ্যে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে আদালতে প্রতিবেদন না দেওয়ায় বিইআরসি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে হাইকোর্ট। আদালতের আদেশ প্রতিপালন না করায় কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়। গত ২৯ নভেম্বর হাইকোর্ট এ আদেশ দেয়।