পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে প্রতারকচক্রের আরো এক নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিট। এই বিবাহিত নারীকে পাত্রী সাজিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিত প্রতারকরা। গ্রেফতার হওয়া নারী হলেন—মোসা. তামান্না (২৭)। তিনি জামালপুরের ইসলামপুর থানার গোয়ালেরচর এলাকার ফারুক হোসেনের স্ত্রী। বাসা রাজধানীর রামপুরা এলাকায়। এ তথ্য জানিয়েছেন সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক।
সিআইডির এ কর্মকর্তা জানান, সোমবার রাতে রামপুরায় অভিযান চালিয়ে চক্রের অন্যতম সদস্য তামান্নাকে গ্রেফতার করা হয়। এর আগে পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে প্রতারচক্রের মূলহোতা সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল (৩০), সিরাজুল ইসলাম সিরাজ (৪০), ফিরোজ মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়।
