সাভারে শারমিন খাতুন (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় তার স্বামী সুজন মিয়াকে আটক করেছে পুলিশ। এছাড়া পৌর এলাকার জালেশ্বর মহল্লায় এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
থানা পুলিশ জানায়, নেশার টাকা না পেয়ে সাভারের রাজফুলবাড়িয়ার ভাওয়ালিয়াপাড়া এলাকায় নিজ ভাড়াবাড়িতে শারমিনকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী। পরে মৃত অবস্থায় স্ত্রীকে চিকিত্সার জন্য অটোরিকশায় করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে জানিয়ে দেন। খবর পেয়ে পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ঘটনাস্থল থেকে সুজন মিয়াকে আটক করে।
অন্যদিকে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী তাজবী রহমান লাজিনকে (১৫) ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত বলে জানিয়ে দেন। লাজিন কুষ্টিয়ার লুত্ফর রহমানের ছেলে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, দুই জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
