১৯ মার্চ সশস্ত্র প্রতিরোধের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া প্রয়োজন —মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২৩:৪০

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘মুক্তিযুদ্ধ শুরুর আগে গাজীপুরে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ হয়েছিল ১৯৭১ সালের ১৯ মার্চ। স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণার আগে বঙ্গবন্ধুর নির্দেশনায় এ প্রতিরোধ মুক্তিকামী বাঙালি জাতিকে অনুপ্রাণিত করেছিল। ইতিহাসের স্বার্থে ১৯ মার্চের প্রথম সশস্ত্র প্রতিরোধের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া প্রয়োজন।’ গতকাল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ১৫ ডিসেম্বর গাজীপুর মুক্ত দিবস উদ্যাপন উপলক্ষ্যে ‘১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটি’ আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

কমিটির সমন্বয়ক আতাউর রহমানের সঞ্চালনায় সভায় ২০২১ সালে ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস সুবর্ণজয়ন্তী উদ্যাপন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সংরক্ষিত আসন-৩১৩-এর সংসদ সদস্য শামসুন নাহার, সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, গাজীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রীনা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের করোনাকালীন সময়ে শিক্ষাকে ছাত্রদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে শেখ কামাল কেন্দ্রীয় গ্রন্থাগার এবং শেখ রাসেল অনলাইন ক্লাস রুম উদ্বোধন করা হয়েছে। গতকাল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি অনলাইনে যুক্ত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।