আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, মৌলবাদীদের অযৌক্তিক দাবির সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই। গতকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক পরিষদ আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বর্তমান প্রেক্ষাপট : শিক্ষক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি আরো বলেন, ‘যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, রাজাকারদের আস্ফাালন শোনার জন্য নয়। সংবিধানের ওপর আঘাত বরদাশত করা হবে না। শান্তির জন্য রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে আলোচনা হতে পারে, তবে দল হিসেবে মৌলবাদী জঙ্গিবাদীদের সঙ্গে আওয়ামী লীগের আপসের কোনো সুযোগ নেই। তাদের কোনো দাবি মানতে রাজি নয় আওয়ামী লীগ।’
মাহবুব উল আলম হানিফ বলেন, ভাস্কর্য নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বিশ্বের বহু মুসলিম দেশে ভাস্কর্য আছে। স্বাধীনতার ৫০ বছর পরে সংবিধান নিয়ে কথা ওঠে, পতাকা নিয়ে কথা ওঠে। সংবিধানের ওপর কালিমা লেপন হয়—এ রকম কোনো দাবি মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ইসলাম শান্তির ধর্ম। মৌলবাদীরা উগ্র, সন্ত্রাস, জঙ্গিদের মতো কথা বলছে। প্রত্যেক মাদ্রাসায় সংবিধান অনুযায়ী জাতীয় সংগীত গাইতে হবে। জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। ধর্মের দোহাই দিয়ে অপব্যাখ্যা করে স্বাধীনতা বিরোধীরা সংবিধানের ওপর আঘাত হানছে।
আয়োজক সংগঠনের সভাপতি এস এম জয়নুল আবেদীনের সভাপতিত্বে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ সাইদুর রহমান পান্না, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ তেলাওয়াত হোসেন খান, অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
