ব্যবসায়িক ভ্রমণের জন্য আলাদা ভ্রমণ পথ চালু করছে সিঙ্গাপুর

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ০০:১২

ব্যবসার কাজে ভ্রমণকারীদের জন্য আলাদা ভ্রমণ পথ চালু করছে সিঙ্গাপুর। গতকাল মঙ্গলবার দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী চান চুন সিং ফেসবুকের এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘কানেক্ট সিঙ্গাপুর’ কর্মসূচির আওয়ায় বিশেষ এই ভ্রমণ পথ চালু হতে যাচ্ছে। এর আওতায় সব দেশ থেকেই সীমিত সংখ্যক ব্যবসায়িক কর্মকর্তা ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভ্রমণকারীদের সর্বোচ্চ ১৪ দিন সিঙ্গাপুরে থাকার অনুমতি দেওয়া হবে।  আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি এ কর্মসূচি শুরু হবে বলেও জানিয়েছেন সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রী। এজন্য কঠোর স্বাস্থ্যবিধি ও পরীক্ষার প্রোটোকল অনুসরণ করা হবে উল্লেখ করে তিনি জানান, ব্যবসায়িক ভ্রমণকারীদের ‘কানেক্ট সিঙ্গাপুর’ কর্মসূচির আওতায় বিশেষায়িত ভবনে থাকতে হবে। নিয়মিত চেকআপ এবং সবধরনের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা মেনে চলতে হবে। -চ্যানেল নিউজ এশিয়া