কম্পিউটার জব্দ
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সদরে আল-মদিনা কম্পিউটার দোকান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদ সংলগ্ন আল-মদিনা কম্পিউটারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: নিজাম উদ্দিন আহমদ অভিযান চালিয়ে ইউএনও, এসিল্যান্ড, পৌর মেয়রসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণের সিলসহ ওয়ারিশন সার্টিফিকেট-জন্মনিবন্ধন ও খতিয়ান জালিয়াতির সরঞ্জাম উদ্ধার করেন। কম্পিউটার মালিক হারলা নয়াহাট এলাকার আছহাব মিয়ার ছেলে পারভেজ প্রকাশ নিখিল (২৬) ওই সময় দোকানে উপস্থিত ছিল না। জালিয়াতির কাজে ব্যবহূত কম্পিউটারটি জব্দ করে দোকান সিলগালা করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমদ ইত্তেফাককে বলেন, ওই কম্পিউটার মালিক পারভেজ দীর্ঘদিন ধরে প্রশাসনকে ফাঁকি দিয়ে খতিয়ান জাল-জালিয়াত করে নিরীহ মানুষ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এ ছাড়াও হারলা এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার জন্য রাখা মালিকবিহীন একটি এক্সকাভেটর এর যন্ত্রাংশ খুলে ফেলা হয়।
