ভাঙ্গায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিজয় দিবস পালিত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ১৫:৪৬

সারা দেশের ন্যায় ফরিদপুরের ভাঙ্গায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার সকালে ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং দলীয় নেতা-কর্মীদের নিয়ে কর্মসূচিতে অংশ নেয়।

দিনের প্রথম প্রহরে সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় সঙ্গীতের পাশাপাশি পতাকা উত্তোলন করেন। এরপর তিনি উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান প্রমুখ।

এছাড়াও উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সকালে পতাকা উত্তোলনসহ বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করা হয়।

অপরদিকে মহান বিজয় দিবসকে ভিন্ন আঙ্গিকে পালন করে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলে। সকালে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসায় আয়োজন করা হয় নানা কর্মসূচি। কোরআন শরীফ পাঠ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা হয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবু ইউসুফ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে রচনা ও কবিতা আবৃত্তির প্রতিযোগিতা করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

ইত্তেফাক/এএএম