‘কাউন্সিলর ও কর্মকর্তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে’

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ১৬:২৪

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, এ দেশকে ভালোবেসে যেভাবে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, এ শহরকেও যেন আমরা ঠিক সেভাবেই ভালোবাসি। আজ বুধবার ( ১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বেলা ১১টায় গুলশান ২ নম্বরের নগর ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকালে মেয়র এ কথা বলেন। 

মেয়র আরো বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, অথচ আমরা কি এ শহরকে একটু ভালোবাসতে পারি না? আমরা কি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারিনা।’ মেয়র নগরবাসীদের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি আমরা শহরকে ভালোবাসবো। নিজের ঘরকে যেভাবে সুন্দর রাখি, এই শহরকেও একইভাবে ভালোবাসবো। আমরা যেন যত্রতত্র ময়লা না ফেলি। আমরা যেন ট্রাফিক সিগন্যাল মেনে চলি। ফুটওভারব্রিজ ব্যবহার করে রাস্তা পার হই। জেব্রাক্রসিং ব্যবহার করি।’ 

পরে বেলা সাড়ে এগারটায় মেয়র আতিকুল ইসলাম বনানী বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজে মুজিব কর্নার উদ্বোধন করেন। বনানী বিদ্যা নিকেতন থেকে ফেরার পথে বনানী মাঠের কাছে ক্ষুদে ‘মুক্তিযোদ্ধা’দের দেখে গাড়ি থেকে নেমে তাদেরকে উৎসাহ দেন এবং তাঁদের সাথে ছবি তোলেন।  

বেলা ১২টায় মেয়র আতিকুল ইসলাম ডিএনসিসির নগর ভবনে বিজয় দিবসের এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। আলোচনা অনুষ্ঠানে মেয়র বলেন, পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে আমরা ‘পরম্পরা’ নামে বইয়ের গাড়ি চালু করেছি। এ গাড়িগুলো প্রতিটি ওয়ার্ডে যাচ্ছে। আমরা যেন এখান থেকে বই কিনে আমাদের সন্তানদেরকে-পরবর্তী প্রজন্মকে জানাই।

মেয়র আরো বলেন, ‘আমরা আগামী জানুয়ারির ১ তারিখ থেকে ‘সবার ঢাকা’ অ্যাপস উদ্বোধন করতে যাচ্ছি। এর ফলে প্রতিনিয়ত আমাদেরকে জনগণের মুখোমুখি হতে হবে। জনগণের কাছে জবাবদিহি করতে হবে সকল কাউন্সিলর ও কর্মকর্তাকে। জনগণ তাঁদের অভিযোগ আমাদেরকে অ্যাপের মাধ্যমে জানাবেন। আমাদেরকে তার সমাধান দিতে হবে। এ জন্য ডিএনসিসির কর্মকর্তাদেরকে প্রস্তুত থাকতে হবে”।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজার সভাপতিত্বে অলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, কাউন্সিলরগণ, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এসআই