ভালোবাসার গল্পের নাটকে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২০:২০

মা হ মু দু ল  আ মি ন

আগামী ভালোবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আনপ্লাগ’। নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার এবং নাটকটি নির্মাণ করেছেন নোমান খান। নাটকে সজল অভিনয় করেছেন রুদ্র চরিত্রে এবং প্রভা অভিনয় করেছেন নেহা চরিত্রে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘পান্থ শাহরিয়ারের লেখা গল্প সবসময়ই ভীষণ ভালো হয়ে থাকে। আনপ্লাগ নাটকটির গল্পও যথারীতি খুব চমত্কার। আর সহশিল্পী হিসেবে প্রভা সবসময়ই ভীষণ সিরিয়াস একজন অভিনেত্রী। ভালো চরিত্রে কাজ করার সুযোগ পেলে প্রভা তার সর্বোচ্চকুটু দিয়েই অভিনয় করার চেষ্টা করে। এই নাটকেও প্রভা যথারীতি তাই করেছে। নোমান খান যথেষ্ট আন্তরিকতা নিয়ে কাজটি শেষ করেছেন। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ প্রভা বলেন,  ‘ভালো গল্প হলে তাতে কাজ করতেও ভীষণ ভালো লাগে। এখন তো আসলে সহসা ভালো স্ক্রিপ্ট পাওয়া যায় না। কিন্তু আনপ্লাগ নাটকটির স্ক্রিপ্ট খুব চমত্কার। নোমান খানের সঙ্গে আগে কাজ করা হয়নি। তিনি চেষ্টা করেছেন নাটকটি ভালোভাবে নির্মাণ করতে। সজল ভাইয়ের কথা আমি সবসময়ই বলি, ভীষণ ভালো মনের একজন মানুষ, ভীষণ সহযোগিতাপরায়ণ একজন মানুষ। তার সঙ্গে কাজ করতে সবসময়ই আমার খুউব ভালো লাগে।’ নোমান খান এর আগে রিয়াজ ও ভাবনাকে নিয়ে ‘ভালোবাসার চাদর’ নামের একটি নাটক নির্মাণ করেছিলেন। নাটকটির গল্প, নির্মাণশৈলী এবং এতে রিয়াজ-ভাবনার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। নোমান খান জানান, ‘যেহেতু আগামী ভালোবাসা দিবসে নাটকটি প্রচার হবে, তাই সজল ও প্রভাকে ঘিরে একটি রোমান্টিক ঘরানার গল্প নিয়েই নাটকটি নির্মাণ করেছি।’ এদিকে প্রভা অভিনীত হাবীব শাকিল পরিচালিত এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’তে দুর্দান্ত অভিনয় করে আবারও আলোচনায় চলে এসেছেন। এর পাশাপাশি এখন তিনি খণ্ড নাটকেই বেশি কাজ করছেন। এদিকে সজল অভিনীত নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বিন’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এতে তার বিপরীতে আছেন পূজা চেরী। এছাড়াও গত ৭ ডিসেম্বর তিনি পার্থ সরকারের নির্দেশনায় একটি নতুন ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন।