শুভকামনা মামুনের অনন্য উদ্যোগকে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২০:২৭

বিনোদন রিপোর্ট

 

তিনি কোনো একটা কাজ করবেন আর তা নিয়ে তর্ক উঠবে না—এ তো হতেই পারে না! সেই গল্প অনন্য মামুনের অভিধানে নেই। সফলতা ব্যর্থতার ডিকশনারি অবশ্য প্রশ্ন সাপেক্ষ। কিন্তু অনন্য মামুনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো থেমে না থাকা। অ্যাপে মুক্তি দিচ্ছেন নিজের নতুন ছবি। সেটিও দেশের সুপারস্টারকে নিয়ে। এদিকে আই থিয়েটার নামের প্রতিষ্ঠানের তদারকিও করছেন তিনি। চেয়েছিলেন রথ দেখা আর কলা বেচা একসঙ্গেই করবেন। সেই উপলক্ষে নবাব এলএলবিকে ঘিরে একটি অনুষ্ঠানের আয়োজনও করেছিলেন পাঁচতারা হোটেলে। সঙ্গে নিজেদের প্রতিষ্ঠান আই থিয়েটার নিয়ে দু-একটা ভালোমন্দ কথা নিজের ছবির তারকাদের নিয়ে জানান দেবেন।

কিন্তু শাকিব খান এলেন না। শুধু শাকিব নন, শাকিব খান মাহী, স্পর্শিয়া অর্থাত্ তার নিজের ছবির কেউই এলেন না। শহরে কথা রটলো, এই বুঝি অনন্য মামুনকে বিপাকে ফেললো সবাই। কিন্তু দু’দিন পর আবারো একসঙ্গে শাকিব মামুন। এত চড়াই উত্রাই। তর্ক-বিতর্কের পর পরীক্ষার খাতা উঠলো অবশেষে। ১৬ ডিসেম্বরে মুক্তি পেল ছবি। এখন দর্শকদের হাতে ছবিটির রায়। তবে অ্যাপে ছবি রিলিজের এই উদ্যোগ ও এই সাহসকে সাধুবাদ জানাতেই হয়। সেক্ষেত্রে অন্যকে অ্যাপ্রিশিয়েট করার ব্যাপারে চিরকৃপণ এই ইন্ডাস্ট্রি কতটুকু শুভেচ্ছা জানাবে অনন্য মামুনকে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। শুভকামনা অনন্য মামুন ও নবাব এলএলবি টিমের জন্য।