মহান বিজয় দিবস চ্যানেল আই উদযাপন করলো ভার্চুয়াল ‘ঐক্য বিজয় মেলা’র মাধ্যমে। এই বিশেষ দিনকে ঘিরে চ্যানেল আই প্রতিবছরই দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করে। করোনার কারণে বিস্তৃত পরিসরে বিজয় মেলা না করে স্বাস্থ্যবিধি মেনে এ চ্যানেলটি ভার্চুয়াল বিজয় মেলার আয়োজনে করে। ১৪তম এ মেলার পৃষ্ঠপোষকতা করে ঐক্য ডটকম ডটবিডি। এদিন দুপুর ২টা পর্যন্ত চ্যানেল আই মেলাটি সরাসরি সম্প্রচার করেছে। মেলা প্রসঙ্গে অনলাইনে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘এই বিজয় মেলা বারবার মনে করিয়ে দেবে বাঙালি বীরের জাতি। বাংলাদেশ সেই জাতি যারা গর্ব করতে পারে, গৌরব করতে পারে।’ মেলাটি পরিচালনা করেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু এবং উপস্থাপনা করেন অপু মাহফুজ ও দিলরুবা সাথী।
মেলায় চিত্রাঙ্কন করেছেন মুনিরুজ্জামান, সংগীত পরিবেশন করেছেন লীনু বিল্লাহ, ফকীর আলমগীর, পুষ্পিতা প্রমুখ। এছাড়া লাল-সবুজ পোশাকে দলীয় নৃত্য পরিবশেন করেছে একদল নৃত্যশিল্পী।
