‘মিশন এক্সট্রিম’-এ তাসকিন

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২১:৪৫

বিনোদন রিপোর্ট

 

‘ঢাকা অ্যাটাক’ দিয়ে ২০১৭ কাঁপিয়েছিলেন আরিফিন শুভ ও তাসকিন রহমান। সেই ছবিরই নতুন প্রজেক্ট ‘মিশন এক্সট্রিম’ ছবিতেও থাকছেন দু’জন। এবারো খল চরিত্রেই হাজির হচ্ছেন তাসকিন। এই মর্মেই তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

মিশন এক্সট্রিম প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আমি সবসময় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। এবারো এর ব্যতিক্রম ঘটছে না। নতুন সিনেমাটির জন্য নিজেকে ভিন্নভাবে প্রস্তুত করছি। টের পাচ্ছি, আবারো দারুণ একটা জার্নি আমার জন্য অপেক্ষা করছে। এ বছরের মার্চ মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে।’

মিশন এক্সট্রিম সিনেমাটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন। এটি হবে বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা। ক্রাইম, থ্রিলার, সাসপেন্স ও অ্যাকশন নির্ভর মৌলিক গল্পের ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করবেন ফয়সাল আহমেদ। এবারো কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সানী সানোয়ার। যিনি বাংলাদেশ স্পেশাল পুলিশ ফোর্সের একজন অভিজ্ঞ সদস্য। তিনি তার পেশাগত বাস্তবজীবনের কিছু অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে চিত্রনাট্যটি লিখেছেন। যেমনটি লিখেছিলেন ঢাকা অ্যাটাকে।