চিকিত্সকসহ ১১ পদ শূন্য

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২১:২২

টুঙ্গিপাড়া উপজেলা মা ও শিশুকল্যাণ কেন্দ্র

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

টুঙ্গিপাড়া উপজেলা মা ও শিশুকল্যাণ কেন্দ্রে প্রয়োজনের তুলনায় জনবল খুবই কম। চিকিত্সক-নার্সসহ মোট জনবল থাকার কথা ১৫ জন। কিন্তু আছে মাত্র চার জন। শূন্য রয়েছে ১১ পদ। এছাড়া ১০ শয্যা বিশিষ্ট এ কেন্দ্রে নেই কোনো অপারেশনের ব্যবস্থা। কেন্দ্র সূত্রে বলা হয়েছে, সিজারিয়ান অপারেশনের কোনো যন্ত্রপাতি না থাকায় ওটি চালু করা সম্ভব হয়নি। কেন্দ্রে কোনো অ্যাম্বুলেন্সও নেই। 

উপজেলার কুশলী গ্রামের গর্ভবতী মরিয়ম বেগম বলেন, মা ও শিশুকল্যাণ কেন্দ্রে সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা নেই। স্বাভাবিক ডেলিভারিতে জটিলতা দেখা দিলে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে যেতে বলা হয়। অ্যাম্বুলেন্স না থাকায় দুর্ভোগ পোহাতে হয় গর্ভবতী মায়েদের। পাটগাতী গ্রামের সুমন শেখ বলেন, জনবল সংকটে কেন্দ্রটিতে কর্মরতরা রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খান। উপজেলা মা ও শিশুকল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার মেহেরুন নেছা বলেন, কেন্দ্রটিতে গাইনি কনসালট্যান্ট, অ্যানেস্থেশিয়া কনসালট্যান্টসহ ১১ পদ শূন্য রয়েছে। স্বল্প জনবল দিয়ে বহির্বিভাগ ও আন্তঃবিভাগে ২৪ ঘণ্টা পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে সম্পূর্ণ বিনামূল্যে স্বাভাবিক প্রসবসহ সব সেবা প্রদান করা হচ্ছে। এটি অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন রোধে কার্যকরী ভূমিকা রাখছে। তবে খুব কমক্ষেত্রে স্বাভাবিক প্রসবে জটিলতা দেখা দিলে তখন আমরা গর্ভবতীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে রেফার করি। এখানে সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা চালু হলে সেবাগ্রহিতারা আরো উপকৃত হবে। তিনি আরো বলেন, অ্যাম্বুলেন্সের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।