রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা
রাজারহাটে দিনে দিনে শীতের তীব্রতা বেড়েই চলছে। এই শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সন্ধ্যা থেকে সকাল ১০-১১টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। কুয়াশার কারণে রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। শীতে বেশি ভোগান্তিতে পড়েছেন ইটভাটার শ্রমিক ও ছিন্নমূল মানুষ। সেই সঙ্গে ভোগান্তিতে পড়েছে নদীতীরবর্তী ও চরাঞ্চলের মানুষ। তাছাড়া গৃহপালিত পশুপাখি নিয়েও চরম বিপাকে পড়েছেন খামারি ও পশুপালকেরা। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
