পাবনা প্রতিনিধি
বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পাবিপ্রবি শিক্ষকদের একটি পক্ষ পুষ্পস্তবক ছিঁড়ে ফেলে অনুষ্ঠানও পণ্ড করে দেয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পাবিপ্রবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পাবিপ্রবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি আওয়াল কবির জয় বলেন, মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকালে স্বাধীনতা চত্বরে এক বছর আগে মেয়াদ শেষ হয়ে যাওয়া শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষক সমিতির ব্যানারে পুষ্পস্তবক অর্পণ করতে আসে একটি পক্ষ। এ সময় সাধারণ শিক্ষকরা আপত্তি জানিয়ে নিজেদের মতো করে পুষ্পস্তবক অর্পণে অংশ নিতে গেলে এ ঘটনা ঘটে। এ বিষয়ে কথা বলতে শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. ফজলুল হকের মুঠোফোনে কয়েক বার ফোন দিলে তিনি তা রিসিভ করেননি। পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী বলেন, শিক্ষকদের মধ্যে একটু ভুল বুঝাবুঝির কারণে হাতাহাতি হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভিডিও ফুটেজ দেখে পুষ্পস্তবক ছেঁড়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।
