বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বকশীগঞ্জে আট জন চোর আটকের পর নগদ ৫ লাখ ৭২ হাজার টাকাসহ প্রায় ১০ মণ ওজনের একটি লোহার সিন্দুক উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে পৌর শহরের চরকাউরিয়া দড়িপাড়ার সুরুজ্জামানের ঘর থেকে সিন্দুকটি উদ্ধার করা হয়। জানা যায়, ১৩ ডিসেম্বর বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া দড়িপাড়া গ্রামের জবেদ আলীর ঘর থেকে প্রাচীন একটি লোহার সিন্দুক চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ দড়িপাড়া গ্রামের আট জনকে আটক করে। আটক ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল বুধবার সকালে দড়িপাড়া গ্রামে অভিযান চালিয়ে সুরুজ্জামানের ঘর থেকে চোরাই সিন্দুকটি উদ্ধার করে পুলিশ। পরে সিন্দুকের ভেতরে ৫ লাখ ৭২ হাজার টাকা, প্রাচীন কিছু ধাতব মুদ্রা ও জমির দলিলপত্র পাওয়া যায়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, টাকাগুলো জব্দ করা হয়েছে। অন্যান্য মালামাল সিন্দুকের মালিককে ফেরত দেওয়া হয়েছে। টাকার বিষয়ে আদালতের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
