শহিদ বেদিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ইবি কর্মকর্তাদের মারামারি!

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২১:২৯

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহিদ বেদিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ইবি কর্মকর্তা সমিতি ও ইবি কর্মকর্তা অ্যাসোসিয়েশনের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১১টার দিকে ক্যাম্পাসের ‘মুক্ত বাংলা’ স্মৃতিস্তম্ভের  সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি ফুল দিতে শহিদ বেদিতে উঠলে একই সঙ্গে কর্মকর্তা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও ফুল দিতে বেদিতে ওঠেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ধাওয়া-পালটা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি দুঃখজনক। পরবর্তীতে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক হয়।