ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে এপিআই ইউএটি চুক্তির ধারাবাহিকতায় সম্প্রতি প্রোডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সৈয়দ আল আমিন রহমানের সার্বিক তত্ত্বাবধানে শাকিল রিজভী স্টক লিমিটেড, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স (বিডি) লিমিটেডের মধ্যে এপিআই ইউএটি চালুর জন্য ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স (বিডি) লিমিটেডের উপদেষ্টা মো. নাফিজ আল তারিফ, সিএফএ, এফআরএম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক, উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান ও মো. শফিকুর রহমান, শাকিল রিজভী স্টক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রিজওয়ান এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স (বিডি) লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও আইটি বিভাগের প্রধান সৈয়দ আনোয়ার হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, ইতিমধ্যে ২৫টি ব্রোকারেজ হাউজ নাসডাকের ম্যাচিং ইঞ্জিনে এপিআই (অ্যাপ্লিকেশন পোগ্রাম ইন্টারফেস) সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করে| এরই মধ্যে দুইটি ট্রেকহোল্ডার কোম্পানি এই চুক্তি স্বাক্ষর করেছে। অচিরেই তারা নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) মাধ্যমে সরাসরি ট্রেডিং কার্যক্রম পরিচালনা করবে। এরই ধারাবাহিকতায় ডিএসই পর্যায়ক্রমে সব ট্রেকহোল্ডার কোম্পানিকে এই সুযোগের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
