ইত্তেফাক রিপোর্ট
ব্যবসায় পরিবেশের উন্নতি ও আন্তঃআঞ্চলিক বাণিজ্য প্রসারের জ্ঞানভিত্তিক কাজে বাংলাদেশকে বাড়তি ৫ লাখ ডলার (৪২৫ কোটি টাকা) অনুদান দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর আগে একই কাজে ২০১৮ সালে এডিবি ২০ লাখ ডলার (১ হাজার ৭০০ কোটি টাকা) অনুদান অনুমোদন করেছিল সংস্থাটি। ৫ লাখ ডলার সেই সহায়তার অতিরিক্ত হিসেবে দেওয়া হবে। সম্প্রতি এই অনুদান অনুমোদন করেছে এডিবির বোর্ড সভা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ উল্লেখ করেছেন, রপ্তানি বৈচিত্র্যকরণ ও স্থানীয় সম্পদের ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রবৃদ্ধি ও বর্তমান উন্নয়নের গতি ধরে রাখতে বাংলাদেশকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং আন্তঃদেশীয় বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে। বর্তমানে ডুয়িং বিজনেস সূচকে ১৯০টি দেশের মধ্যে ১৬৮তম স্থানে থাকা বাংলাদেশের এক্ষেত্রে উন্নতির ব্যাপক সুযোগ রয়েছে। সম্পদের নিবন্ধন, অনলাইন ব্যবসার নিয়ম, কর ব্যবস্থা এবং চুক্তির নিয়ম আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ ডুয়িং বিজনেসের বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য উন্নতি করতে পারে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া এটি বিনিয়োগ এবং সরবরাহ ব্যবস্থার সুযোগ অনুসন্ধানে উচ্চমানের জ্ঞান এবং নীতি প্রণয়নে সহায়তা করবে, যাতে দক্ষিণ এশীয় উপআঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতার (সাসেক) আওতায় বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের আন্তঃআঞ্চলিক বাণিজ্যের প্রসার ঘটে। এ অঞ্চলের মধ্যে বিশেষ করে চীন ও ভারতের সমকক্ষ হতে ডুয়িং বিজনেস র্যাংকিংয়ের বিভিন্ন সূচকে বাংলাদেশের ব্যাপক উন্নতি করতে হবে।
এডিবি উল্লেখ করেছে, ডুইং বিজনেস সূচকে উন্নতি করতে হবে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চুক্তি কার্যকর (বর্তমান অবস্থা ১৮৯তম), সম্পদের নিবন্ধন (১৮৪তম), বিদ্যুতের প্রাপ্তি (১৭৬তম), সীমান্ত বাণিজ্য (১৭৬তম), আর্থিক অসচ্ছলতা দূর করা (১৫৪তম), কর পরিশোধ (১৫১তম), নির্মাণকাজের অনুমতি (১৩৫তম), ব্যবসা শুরু (১৩১তম) এবং ঋণ প্রাপ্তি (১১৯তম)।
