বিএসসির নিট মুনাফা সাড়ে ৪১ কোটি টাকা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২১:৩৩

চট্টগ্রাম অফিস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ২০১৯-২০ অর্থবছরে কর সমন্বয়ের পর নিট মুনাফা করেছে ৪১ কোটি ৪৭ লাখ টাকা। যা আগের অর্থবছরের চেয়ে প্রায় ২৪ কোটি টাকা বেশি। বিএসসির পরিচালনা আয় হয়েছে ২৭৯ কোটি ৯০ লাখ টাকা, অন্যান্য খাত থেকে আয় হয়েছে ৪২ কোটি ৯৪ লাখ টাকা। মোট আয় ৩২২ কোটি ৮৪ লাখ টাকা। মোট ব্যয় হয়েছে ২৪৫ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে পরিচালনা ব্যয় হয়েছে ১৭৭ কোটি ৭৩ লাখ টাকা, প্রশাসনিক ও আর্থিক খাতের ব্যয় ৬৭ কোটি ৬৩ লাখ টাকা। শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে মোট আয় ছিল ২২২  কোটি ৯৮ লাখ টাকা, ব্যয় ১৮৫ কোটি ১০ লাখ টাকা। নিট মুনাফা ছিল ১৭ কোটি ৫১ লাখ টাকা।

৪৩তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে মঙ্গলবার বিএসসি ভবনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির। উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর বেলা ১১টায় ৪৩তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসসির পরিচালক শফিউল আলম, ড. পীযূষ দত্ত, প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, সচিব খালেদ মাহমুদ, মহাব্যবস্থাপক আশরাফুল আমিন প্রমুখ।