রিয়ালের টানা চতুর্থ জয়
স্পোর্টস ডেস্ক
এক সপ্তাহের মধ্যে দুইবার পয়েন্ট খোয়ালো শিরোপাপ্রত্যাশী ম্যানচেস্টার সিটি ও চেলসি। মঙ্গলবার মলেনিউয়ে প্রিমিয়ার লিগের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে ১-২ গোলে হেরেছে চেলসি। আর ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্ট ব্রম আলবিয়নের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সিটি। ওদিকে লা লিগায় এথলেটিকো বিলবাওকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
বড় ম্যাচগুলোতে যেন সুবিধাই করতে পারছেন না ফ্র্যাংক ল্যাম্পার্ড। শনিবার এভারটনের কাছে পরাজয়ের পর সপ্তাহ ঘুরার আগেই আবার হেরে বসল টিমো ভের্নাররা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই অলিভিয়ের জিরুর গোলে এগিয়ে যায় চেলসি। ম্যাচের ৬৬ মিনিটে ডেনিয়েল পোডেন্সের গোলে উলভস সমতা ফেরায়। ম্যাচের অতিরিক্ত সময়ে প্রতি আক্রমণ থেকে পেদ্রো নেটো গোল করে বসলে কোনো পয়েন্ট ছাড়াই মলেনিউ ত্যাগ করতে হয় ভের্নারদের। এই মৌসুমে পয়েন্ট টেবিলে ১২-র ওপরে থাকা কোনো দলের কাছ থেকেই তিন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি ল্যাম্পার্ডের চেলসি। শনিবারের ধারাবাহিকতায় চেলসি যেমন হেরেছে, তেমনি আবার ড্র করেছে পেপ গার্দিওলার সিটি। ঘরের মাঠে ওয়েস্ট ব্রমের মতো দলের কাছে পয়েন্ট খোয়ানোটা মেনেই নিতে পারছেন না গার্দিওলা, ‘অনেক বড় একটা মৌসুম হতে যাচ্ছে এটি। (মৌসুম শেষে) যদি আমাদের শীর্ষে থাকতে হয়, তাহলে এই রকম ম্যাচগুলো জিততে হবে।’ লা লিগায় ডি স্টেফানো স্টেডিয়ামে এথলেটিকো বিলবাওকে হারিয়ে টেবিলে শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের সমান পয়েন্ট নিয়ে এখন তিনে অবস্থান করছে জিনেদিন জিদানের শিষ্যরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
