স্পোর্টস ডেস্ক
সৌদি আরবকে হারিয়ে ২০৩০ এশিয়ান গেমস আয়োজনের স্বত্ব পেল কাতার। গতকাল সভায় দেশটির রাজধানী দোহাকে আয়োজক হিসেবে ঘোষণা করেন অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ আহমাদ আল ফাহাদ আল সাবাহ। এমন সিদ্ধান্তে হতাশ হলেও ২০৩৪ এশিয়ান গেমস আয়োজনের দায়িত্ব পেয়ে মুখে হাসি ফুটেছে সৌদি আরবের।
কাতার এর আগেও ২০০৬ সালে এশিয়ান গেমসে আয়োজন করে দক্ষতা দেখিয়েছিল। তবে সৌদি আরবের জন্য এটাই ছিল প্রথম এশিয়ান গেমস আয়োজনের সুযোগ। কিন্তু ভোটের লড়াইয়ে পেরে ওঠেনি তারা। এদিকে, বৈশ্বিক ক্রীড়া ইভেন্ট আয়োজনের জন্য একের পর এক চমক দেখাচ্ছে কাতার। সামনে ২০৩২ অলিম্পিকস গেমস আয়োজনের জন্যেও বিড করবে দেশটি। বর্তমানে প্রস্তুতি নিচ্ছে ২০২২ ফুটবল বিশ্বকাপ আয়োজনের।
