বিউটিশিয়ান ববি হত্যা মামলায় লিখন খালাস

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২২:১৬

ইত্তেফাক রিপোর্ট

কুষ্টিয়ার বিউটি পার্লার ব্যবসায়ী শাহজাদি ফারজানা ববি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মজিবুর রহমান লিখনকে খালাস দিয়েছে হাইকোর্ট। আসামির আপিল মঞ্জুর এবং ডেথ রেফারেন্স খারিজ করে গত মঙ্গলবার বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের ডিভিশন বেঞ্চ এ রায় দেন। আদালতে আসামিপক্ষে এ কে এম ফজলুল হক খান ফরিদ, রাগিব রউফ চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান শুনানি করেন।

ফজলুল হক খান ফরিদ বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষীরা মামলা প্রমাণে ব্যর্থ হওয়ায় আসামি খালাস পেয়েছেন। ২০১৩ সালের ২৭ মার্চ সন্ধ্যায় কুষ্টিয়া শহরের কালিশংকরপুরের নিজ বাড়িতে ব্যবসায়ী ফারজানার প্রতিষ্ঠানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলায় ২০১৫ সালে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান আসামি লিখনকে মৃত্যুদণ্ড দেন।