ইত্তেফাক রিপোর্ট
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূল করাই হচ্ছে বিজয় দিবসের প্রত্যয়। মহান বিজয় দিবস উপলক্ষ্যে গতকাল সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সার্থকতা সেখানেই, বঙ্গবন্ধু যে উন্নত রাষ্ট্র গড়তে চেয়েছিলেন, স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাকে হত্যা করার কারণে তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে না পারলেও আজ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। তিনি বলেন, আজকে অর্থনৈতিক, মানব উন্নয়ন, সামাজিক—সব সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি, অনেক সূচকে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি—এখানেই বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যার সার্থকতা; কিন্তু বিজয়ের ৪৯ বছর পরও স্বাধীনতাবিরোধী অপশক্তি মাঝেমধ্যে আস্ফাালন করে এবং এর অন্যতম কারণ হচ্ছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি। তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যারা পাকিস্তানের পক্ষাবলম্বন করে লড়াই করেছিল, দলগতভাবে সেই জামায়াতে ইসলামীকে বিএনপি তাদের জোটসঙ্গী করেছে।
