হিজলায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে অর্ধশত আহত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২২:৩৪

বরিশালের হিজলা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছে। মঙ্গলবার রাতে খুন্নাগোবিন্দপুর এলাকায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন শান্তর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের চার সদস্যসহ উভয় গ্রুপের কমপক্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। আহত পুলিশ সদস্যদের রাতেই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালীর অনুসারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন শান্ত খুন্নাগোবিন্দপুর এলাকা অতিক্রমের সময় ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৈয়দ তানভিরসহ তার দলবল হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে বেলায়েত হোসেনের অনুসারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জড়ো হয়। অপর গ্রুপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপুর অনুসারীরা মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের উপস্থিতিতে উভয় গ্রুপের সমর্থকরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এসময় ৮-১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

হিজলা সার্কেলের এএসপি মতিউর রহমান জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।