কাপাসিয়ায় সাবেক ভিপি ও ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২২:৩৫

কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রধানের (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হওয়ায় পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। উপজেলার রাউেকানা গ্রামের মৃত জবেদ আলী প্রধানের ছেলে জাহাঙ্গীর আলম প্রধান ছাত্রলীগ থেকে কাপাসিয়া কলেজের ভিপি নির্বাচিত হন। জাহাঙ্গীর আলমের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

জানা যায়, গতকাল বুধবার সকালে জাহাঙ্গীর আলম ফজরের নামাজ শেষে ভুবনের চালা গ্রামে তার নিজস্ব পোলট্রি ফার্মে ঘুমিয়েছিলেন। পরে কর্মচারীরা তাকে পোলট্রি ফার্মের এক পাশে বৈদ্যুতিক পাখার সঙ্গে মাফলার দিয়ে পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের দাবি, আর্থিক সংক্রান্ত বিরোধের জেরে জাহাঙ্গীরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে একাধিক সূত্রে জানা যায়, আর্থিক অনটন ও পাওনাদারদের চাপের কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে।  কাপাসিয়া থানার ওসি মো. আলম চাঁদ জানান, লাশের সুরতহাল থেকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।